হাতিয়ায় ১১ জেলে অপহরণ

ঠেঙ্গারচরের কাছে সাগরে ট্রলারসহ ১১ জেলেকে অপহরণের ঘটনা ঘটেছে। ঘটনায় অপরিচিত নম্বর থেকে কল করে মুক্তিপণও দাবি করা হয়।

ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী)

Location :

Noakhali
প্রতীকী ছবি

নোয়াখালীর দ্বীপ হাতিয়ায় মেঘনার মোহনায় অবস্থিত ঠেঙ্গারচরের কাছে সাগরে ট্রলারসহ ১১ জেলেকে অপহরণের ঘটনা ঘটেছে। ঘটনায় অপরিচিত নম্বর থেকে কল করে মুক্তিপণও দাবি করা হয়।

বুধবার (২৩ জুলাই) বিকেলে বিষয়টি জানতে পারেন তাদের স্বজনরা। অপহৃত ১১ জেলের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার পাটোওয়ারী ইউনিয়নের চর ফলকন গ্রামে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ট্রলারের মালিক নূর সোলেমানের ভাই নূর আলম মাঝি সাংবাদিকদের জানান, মঙ্গলবার দিবাগত রাতে ঠেঙ্গারচর এলাকায় সাগরে মাছ ধরা অবস্থায় তার ভাই নূর সোলেমানসহ ১১ জেলেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের সাথে মোবাইলফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের ফোনে কল গেলেও কেউ রিসিভ করছেন না। এদিকে একটি নম্বর থেকে কল দিয়ে পরিচয় না দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

অপহরণকৃত ট্রলারের দাদন দেয়া স্থানীয় বৌ-বাজার ঘাটের আড়তদার ও চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালীম আজাদ বলেন, ‘ট্রলারের মাঝি মাল্লার সাথে দীর্ঘ বছর ধরে দাদন ব্যবসা করে আসছি। অপহরণের বিষয়টি হাতিয়া নৌ-পুলিশকে অবহিত করে তাদের নিয়ে কয়েক জায়গায় অভিযান পরিচালনা করেও অপহৃতদের সন্ধান পাওয়া যায়নি।’

এ বিষয়ে হাতিয়া নলচিরা নৌ-পুলিশের ইনচার্জ আশীষ চন্দ্র সাহা বলেন, ‘গতকাল সন্ধ্যায় বিষয়টি জানতে পেরেছি। স্থানীয় লোকজন নিয়ে অপহরণের স্থানে এবং আশেপাশে অভিযান পরিচালনা করা হয়েছে। অপহৃত জেলেদের উদ্ধারে আমাদের অভিযান চলছে।’