বরগুনার আমতলীতে আগুনে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার গাজীপুর বন্দরের বাঁধঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বাঁধঘাট এলাকায় বুধবার সন্ধ্যায় একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে স্থানীয় ও আমতলী দমকল বাহিনীর লোকজন ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে হাসান, দুলাল, আমির, আব্দুর রাজ্জাক, হালিম ও হানিফের দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং চারটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী মো: নুরুজ্জামান মিয়া বলেন, ‘চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী ও স্থানীয় লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ক্ষতিগ্রস্ত সাত ব্যবসায়ীই এ ব্যবসার আয় দিয়ে তাদের সংসার চালাতো, এখন আর তাদের কিছুই রইল না।’
ব্যবসায়ী ফোরকান বলেন, ‘মোর আর কিছুই রইল না। মুই এ্যাহন ক্যামনে সোংসার চালামু, হেইয়া কইতে পারি না। আল্লায় মোর এ্যামন ক্ষতি ক্যান হরলে।’
আমতলী দমকল বাহিনীর ওয়ার হাউস ইন্সেপেক্টর মো: হানিফ মিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, দমকল বাহিনী ও স্থানীয়দের সাথে গিয়ে পুলিশ আগুন নেভাতে সহায়তা করেছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তারা আবেদন করলে সরকারিভাবে আর্থিক সহায়তা করা হবে।
বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলী উল্লাহ বলেন, ‘ঢাকায় থাকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছে যেতে পারছি না। ব্যবসায়ীদের ক্ষতিপূরণে আর্থিক সহায়তা করা হবে।’



