গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাটে বালু ভর্তি ট্রাকের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাকচালক জাকারিয়া হোসেনকে (৩৪) আটক করা হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলার বঙ্গবীর চেকপোস্ট অতিক্রম করার সময় অভিযান চালিয়ে পণ্যসহ তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) আনোয়ার হোসেন, সাব ইন্সপেক্টর আলী আহমদ, মনির হোসাইনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বঙ্গবীর চেকপোষ্টে একটি বালু ভর্তি ডাম্প ট্রাক থামানো হয়। ট্রাকটি বালু ভর্তি মনে হলেও তল্লাশির একপর্যায়ে বালুর স্তরের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ৭৬ বস্তা জিরা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
থানার ওসি মনিরুজ্জামান জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। চোরাকারবারিরা নতুন নতুন কৌশল অবলম্বন করলেও পুলিশ সতর্ক রয়েছে এবং এই চক্রের পেছনের ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। উদ্ধারকৃত মালামাল ও ট্রাক এবং আটক ব্যক্তির ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



