কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের ওপর হামলাসহ দুই মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন।
গ্রেফতার কাজী এমদাদ চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের আবুল হাশেম ডিলারের ছেলে।
জানা গেছে, ২০০৬ সালের সেপ্টেম্বর, ২০২১ সালের ডিসেম্বর, ২০২২ সালের জানুয়ারি ও ২০২৩ সালের আগস্টে পুলিশের ওপর হামলা, সন্ত্রাসবিরোধী ও তথ্য প্রযুক্তি আইনে চারটি মামলা রয়েছে উপজেলা যুবলীগ নেতা কাজী এমদাদের বিরুদ্ধে। আদালত দুই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
দীর্ঘদিন কাজী এমদাদ প্রবাসে পলাতক ছিলেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২৪ সালের আগস্ট মাসের আগে তার মতের বিরোধী আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কুৎসা রটিয়েছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ছড়িয়েছেন মিথ্যা প্রপাগান্ডা।
বুধবার (২০ মে) যুবলীগ নেতা কাজী এমদাদ প্রবাস থেকে দেশে পৌঁছানোর পর বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুরে কাজী এমদাদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন বলেন, ‘গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি কাজী এমদাদকে আদালতে সোপর্দ করা হয়েছে।’



