গাজীপুর-৫ আসনে ১২৪ ভোটকেন্দ্রের ৬৪টিই ঝুঁকিপূর্ণ

ভোটাররা যেন নির্বিঘ্নে ও ভয়ভীতি ছাড়া ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।

কাজী মোহাম্মদ ওমর ফারুক, কালীগঞ্জ (গাজীপুর)

Location :

Gazipur
কালীগঞ্জ উপজেলা অফিস
কালীগঞ্জ উপজেলা অফিস |নয়া দিগন্ত

কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা, সাতটি ইউনিয়ন, গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল ইউনিয়নের ৪০, ৪১, ৪২ নম্বর ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন নিয়ে গাজীপুর-৫ আসন গঠিত। এ আসনের ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৪টিই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে আটটি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন অফিস।

কালীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার দুই লাখ ৫৯ হাজার ৩৪২ জন। গাজীপুরের সিটি করপোরেশনের পুবাইল অংশ এবং বাড়িয়া ইউনিয়নে মোট ভোটার ৯৫ হাজার ৩০১ জন। গাজীপুর-৫ আসনের মোট ভোটার তিন লাখ ৫৪ হাজার ৬৪৩ জন। এ আসনে ১২৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কালীগঞ্জ উপজেলার ৯০টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩৯টি। গাজীপুর সিটি করপোরেশন অংশ এবং বাড়িয়া ইউনিয়নের ৩৪টি ভোট কেন্দ্রের মাঝে ২৫টি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে দুইটি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন অফিস। উপজেলা নির্বাচন অফিস জানায় ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৪টিই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে আটটি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন অফিস।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির হোসেন জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ভোটাররা যেন নির্বিঘ্নে ও ভয়ভীতি ছাড়া ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সেনাবাহিনী পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম প্রতিবেদককে বলেন, ‘এবারের নির্বাচনে বিপুল পরিমান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে। প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় রয়েছে। শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষে কাজ চালিয়ে যাচ্ছি। আশা করি এই আসনে সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।’