ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: রনি ওরফে কুত্তা রনি (৫২) নামে এক পেশাদার মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ আটটি মামলা রয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ঢাকা জেলা ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইদুল ইসলাম এ তথ্য জানান। এর আগে, সোমবার রাতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমানের নেতৃত্বে সাভারের ডগরমোড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রনি সাভার পৌর এলাকার শিমুলতলা সংলগ্ন ডগরমোড়ার মরহুম আব্দুল গনির ছেলে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইদুল ইসলাম জানান, তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ আটটি মামলা রয়েছে। সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হলে দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।



