কুষ্টিয়া জেলা জামায়াত আমির আবুল হাশেমের দাফন সম্পন্ন

অধ্যাপক আবুল হাশেম ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের রেখে গেছেন। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ডিগ্রি কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের শিক্ষক ছিলেন।

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

Location :

Mirpur
অধ্যাপক আবুল হাশেমের জানাজার দৃশ্য ও ইনসেটে অধ্যাপক আবুল হাশেম
অধ্যাপক আবুল হাশেমের জানাজার দৃশ্য ও ইনসেটে অধ্যাপক আবুল হাশেম |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে মঙ্গলবার সকাল ৯টায় শহরের হাউজিং চাঁদাগাড়া ঈদগাহ মাঠে দ্বিতীয় এবং সোমবার রাত ১০ টার দিকে তার পৈত্রিক বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় দফা জানাজা শেষে মিরপুর পৌরসভার মিরপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আবুল হাশেমের জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া ও যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসীন, কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মো: আব্দুল গফুর, সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, শহর আমির মো: এনামুল হক, জেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল আমিন জসিম, জেলা টিম সদস্য অধ্যাপক জুমারত আলী, কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা, কুষ্টিয়া-১ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দীন, ছাত্রশিবিরের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনে বিএনপির দলীয় প্রার্থী রাগীব রউফ চৌধুরী প্রমুখ।

প্রসঙ্গত, কুষ্টিয়া-৩ সদর আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার শহরের বিক্ষোভ মিছিলের ডাক দেয় জেলা জামায়াত। মিছিলটি শহরের সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। একপযার্য়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুল রহমান শোক জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত ভেরিফাইড অ্যাকাউন্টে লেখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমির প্রিয় ভাই অধ্যাপক আবুল হাশেম আজ এক সমাবেশে বক্তব্যরত অবস্থায় স্ট্রোক করে মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাই অধ্যাপক আবুল হাশেম সাহেব ছিলেন একজন আদর্শবান, নিষ্ঠাবান ও সংগ্রামী ইসলামী ব্যক্তিত্ব। দ্বীনের পথে তার অবদান, ত্যাগ ও নেতৃত্ব সংগঠনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দ্বীনের কাজে নিয়োজিত থেকে দুনিয়ার সফর শেষ করলেন।

তিনি আরো লেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন তার সকল গুনাহ ক্ষমা করে দিন, তার নেক আমলগুলো কবুল করুন এবং তাকে শহীদের মর্যাদা দান করুন। আল্লাহ তায়ালা তার কবরকে জান্নাতের একটি বাগিচায় পরিণত করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি রইল গভীর সমবেদনা। মহান আল্লাহ তায়ালা তাদের সবাইকে এই শোক সইবার শক্তি, ধৈর্য ও উত্তম সান্ত্বনা দান করুন।

অধ্যাপক আবুল হাশেম ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের রেখে গেছেন। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ডিগ্রি কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের শিক্ষক ছিলেন।