গাবতলী (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার গাবতলীতে মুদি দোকানের ওপর একটি বটগাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এ সময় গাছচাপায় উমা চন্দ্র (৫২) নামের এক ঘুমন্ত পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) ভোরে কালবৈশাখী ঝড়ে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত উমা চন্দ্র উপজেলার চকরাধিকা গ্রামের পরলোকগত কালিদাসের ছেলে।
জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় পান ব্যবসায়ী উমা চন্দ্র মুদি দোকানের মধ্যে ঘুমাচ্ছিলেন। এমন সময় দোকানের পাশে থাকা বড় একটি বটগাছ ভেঙে ওই মুদি দোকানের ওপর পড়ে। এতে দোকানের ভেতরে ঘুমিয়ে থাকা পান ব্যবসায়ী উমা চন্দ্র গাছের চাপায় ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দ্রুত ছুটে যান স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা বটগাছের নিচে চাপা পড়া উমা চন্দ্রের লাশ উদ্ধার করেন।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।



