ডা: এ জেড এম জাহিদ হোসেন

ফ্যামেলি কার্ডের মতো সাবই কৃষি কার্ড পাবে সমাজকল্যাণমন্ত্রী

দল বা ওয়ার্ড নয়, একজন ব্যক্তি কৃষক কিনা সেটিই হবে মূল বিবেচ্য বিষয়। কাজেই উপজেলার প্রতিটি যোগ্য কৃষক কৃষি কার্ডের আওতায় আসবে।

Location :

Dinajpur
বক্তব্য রাখছেন মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন
বক্তব্য রাখছেন মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন |নয়া দিগন্ত

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘কে কাকে ভোট দিয়েছে, কোন দলের এটা দেখার বিষয় নয়। আমরা দেখবো একজন ব্যক্তি প্রকৃত কৃষক কিনা। যেমনভাবে ফ্যামিলি কার্ড সবার মাঝে দেয়া হয়েছে, ঠিক তেমনি কৃষকদের জন্য কৃষি কার্ডও সার্বজনীনভাবে প্রদান করা হবে।’

শনিবার (২ মে) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘দল বা ওয়ার্ড নয়, একজন ব্যক্তি কৃষক কিনা সেটিই হবে মূল বিবেচ্য বিষয়। কাজেই উপজেলার প্রতিটি যোগ্য কৃষক কৃষি কার্ডের আওতায় আসবে।’

অনুষ্ঠানে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং পলিশেডে উৎপাদিত ফসলের গুণগত মান রক্ষার কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। একই সাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চেক বিতরণ করা হয়।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএডিসি প্রকল্প পরিচালক মাহাবুন আলম ডাবলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজিদ আল মামুদ, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিন্টু দে, সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতারা।