নরসিংদীর মাধবদীর বালুসাইর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে তার বাড়ি নিয়ে ধর্ষণ করেন বলে জানায় স্থানীয়রা।
অভিযুক্ত আবুল কালাম (৫৫) মাধবদীর বালুসাইর গ্রামের মরহুম হালিম মাস্টারের ছেলে।
শিশুটিকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্ত কালামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে কালামের বাড়ি ভাঙচুর করেন। এই ঘটনায় মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) জসিম গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আবুল কালামকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
এ ঘটনায় শিশুটির বাবা ধর্ষণকারীর ফাঁসির দাবি করেছেন।


