মাদারীপুরের শিবচরে রাস্তা পারাপার হওয়ার সময় অ্যাম্বুলেন্স চাপায় হাবিব মোল্লা (৫৫) এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিব মোল্লা (৫৫) শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়ন উত্তর বাখরেরকান্দি গ্রামের মেছের মোল্লা ছেলে।
স্থানীয়রা জানায়, ব্যক্তিগত কাজ শেষে রাজধানী ঢাকা থেকে বাসযোগে এসে পাঁচ্চরে নামেন হাবিব মোল্লা। পরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পারাপার হচ্ছিলেন ওই গরু ব্যবসায়ী। এ সময় পেছন থেকে আসা একটি বেপরোয়া গতির অ্যাম্বুলেন্স হাবিবকে ধাক্কা দেয়। মুহুর্তেই সড়কে সিটকে পড়েন তিনি। এরপর যাত্রীবাহী একটি বাস তাকে পেছন থেকে দ্বিতীয় দফায় চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান হাবিব। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে, অ্যাম্বুলেন্স কিংবা যাত্রীবাহী বাসের চালককে আটক করা সম্ভব হয়নি।
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



