কুলাউড়ায় নির্বাচনের নিরাপত্তায় বিজিবির ব্যাপক প্রস্তুতি

‘গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং নিয়মিত তল্লাশি কার্যক্রম চালিয়ে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে জেলা ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছে বিজিবি। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যরা ২১ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেছে।’

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
প্রেস ব্রিফিং করছেন লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ
প্রেস ব্রিফিং করছেন লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে মৌলভীবাজারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কুলাউড়া সরকারি কলেজে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর নির্বাচনী অস্থায়ী ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

তিনি বলেন, ‘নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় সরাইল রিজিয়নের চারটি সেক্টরের ১৩টি ব্যাটালিয়নের মোট ৩৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে ১ ফেব্রুয়ারি থেকে বিজিবি পূর্ণমাত্রায় মাঠে রয়েছে। শ্রীমঙ্গল ব্যাটালিয়নের আওতাধীন পাঁচটি উপজেলায় (তিনটি সংসদীয় আসনে) নির্বাচনী দায়িত্ব পালনে চারটি বেইজ ক্যাম্পে ১৫ প্লাটুন বিজিবি সদস্য কাজ করছে।’

ব্রিফিংয়ে তিনি আরো বলেন, ‘গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং নিয়মিত তল্লাশি কার্যক্রম চালিয়ে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে জেলা ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছে বিজিবি। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যরা ২১ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেছে।’

চোরাচালান ও অপরাধ দমন বিষয়ে তিনি বলেন, ‘সরাইল রিজিয়নের ইউনিটসমূহ গত ১ নভেম্বর ২০২৫ থেকে ২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অভিযান চালিয়ে ৭২ জন আসামিসহ প্রায় ২০৬ কোটি ৫৬ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক উদ্ধার করেছে। এ সময় দু’টি বিদেশী পিস্তলসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র, একটি ভারতীয় পাইপগান, দু’টি ম্যাগজিন, চার রাউন্ড গোলাবারুদ ও ২৪টি ডেটোনেটরও জব্দ করা হয়েছে।’

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক ফিরোজ হোসেন উপস্থিত ছিলেন।