বান্দরবানের থানচিতে গাড়ির চাকায় পাম্প দেয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে আব্দুল কাদের (১৩) নামের এক শিশু শ্রমিক নিহত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের বাস স্টেশন সংলগ্ন নুরুল আলমের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মরখোনা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় নুরুল আলমের গ্যালভানাইজিং দোকানে শিশু শ্রমিক আব্দুল কাদের গাড়ির চাকায় হাওয়া দেয়ার কম্প্রেসার চালু রেখে একটি পর্যটকবাহী জীপ গাড়িতে হাওয়া দিচ্ছিল। এ সময় হঠাৎ ওই কম্প্রেসার মেশিনে বিস্ফোরণ ঘটে। দোকানটির দেয়াল এবং একটি গাড়ি এ সময় ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা দ্রুত শিশু শ্রমিক আব্দুল কাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।



