চুয়াডাঙ্গা শহরের রেলবাজার রেলক্রসিং এলাকার পশ্চিম পাশ থেকে ৪৯৬ অ্যাম্পুল অবৈধ বুপ্রেনরফাইন (কুপিজেসিক) ইনজেকশনসহ মো: জালাল উদ্দিন (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে, একটি নষ্ট স্ট্যাবিলাইজারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় এসব ইনজেকশন উদ্ধার করা হয়। আটক জালাল উদ্দিন চুয়াডাঙ্গা সদর উপজেলার রেলপাড়া এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ৪৯৬ অ্যাম্পুল ইনজেকশনের আনুমানিক বাজারমূল্য ৯৯ হাজার ২০০ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক মো: মনিরুজ্জামান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
পরিদর্শক মো: মনিরুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে অধিদফতরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদক কারবারের সাথে জড়িতদের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



