সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, জ্ঞান-বিজ্ঞানে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রগতি লক্ষণীয়। আজকের বিজ্ঞান মেলা পরিদর্শন করে আমার ভাবনা আরো সুদৃঢ় হয়েছে। জামেয়ার সমৃদ্ধ আয়োজন দেখে সত্যিই অভিভূত হয়েছি। যা সচরাচর সবখানে চোখে পড়ে না। জ্ঞান-বিজ্ঞানে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রগতি দেশ-জাতির জন্য সম্ভাবনমায়।
তিনি শিক্ষার্থীদেরকে বলেন, যুগের চাহিদা পূরণ করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। যুগোপযোগী শিক্ষা ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকা যায় না। শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সময়োপযোগী ভূমিকা পালনের বিকল্প নেই।
রোববার (১২ এপ্রিল) শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা পাঠানটুলা সিলেট কর্তৃক স্বপ্নীল সাফল্যের অভিযাত্রায় দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২৬ পরিদর্শন শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়ার অধ্যক্ষ মাওলানা মো: লুৎফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন স্টল ও প্রজেক্ট ঘুরে দেখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি মো: জাহেদুর রহমান চৌধুরী ও সোসাইটির নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ গোলাম রাব্বানী।
বিজ্ঞান মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল মোতালেব ইবনে কাবেদের পরিচালনায় অনুষ্ঠিত বিজ্ঞান মেলা পরিদর্শন করেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামেয়ার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, উপাধ্যক্ষ (অতিরিক্ত) মাওলানা কমর উদ্দীন। এছাড়া অনুষ্ঠানে জামেয়ার শিক্ষার্থীদের পাশাপাশি সম্মানিত শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। বিজ্ঞান মেলায় তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
বিজ্ঞান মেলায় জামেয়ার বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরণের বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও সামগ্রী তৈরি করেন। এসব থেকে বাছাই করে সেরাদের পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মো: লুৎফুর রহমান বলেন, পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় জাতিকে নেতৃত্বদানে দক্ষ ও ইসলামী ভাবধারার ডাক্তার, প্রকৌশলী ও বিজ্ঞানী তৈরি করার ক্ষেত্রে বিজ্ঞান মেলা অনন্য ভূমিকা পালন করে থাকে। শাহজালাল জামেয়া দ্বীনি শিক্ষার পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের উপযোগী প্রজন্ম তৈরিতে কাজ করছে। এ ধারা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।



