সিলেটে ১১ দিনব্যাপী শহীদ জিয়া দ্বিতীয় গ্রন্থমেলা উদ্বোধন

জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন, রাষ্ট্রনায়কত্ব ও দেশপ্রেমের ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা সময়ের দাবি।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে ১১ দিনব্যাপী “শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা  উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেটে ১১ দিনব্যাপী “শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী |নয়া দিগন্ত

সিলেটে ১১ দিনব্যাপী “শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা” শুরু হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে কমল সাহিত্য পরিষদ সিলেটের আয়োজনে এ গ্রন্থমেলার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন, রাষ্ট্রনায়কত্ব ও দেশপ্রেমের ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা সময়ের দাবি। তিনি আরো বলেন, বইমেলার মতো সাংস্কৃতিক আয়োজন তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহীদ জিয়ার আদর্শ ও কর্মধারা জানতে বই পড়ার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেননের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট মহানগর বিএনপির পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত চৌধুরী এবং সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান হোসেন খান।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মইনুল ইসলাম, লুৎফর রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি জায়েদ আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সালেহ মুহাম্মদ তাহের, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক লাবিব রেজা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, দৈনিক নয়া দিগন্ত সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কমল সাহিত্য পরিষদ সিলেটের সদস্য মোস্তাক আহমদ সাকেল। পরে কবি-সাহিত্যিক, সাংবাদিক ও বিপুলসংখ্যক পাঠক-দর্শকের উপস্থিতিতে গ্রন্থমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, ৫-১৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ গ্রন্থমেলা চলবে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করছে।

আয়োজকদের আশা, এ গ্রন্থমেলা পাঠাভ্যাস বৃদ্ধির পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস ও জাতীয়তাবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।