জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আসছে ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নির্ধারিত হবে, আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে, আপনাদের নেতৃত্ব নির্বাচনের ফলে বাংলাদেশের রুপরেখা নির্ধারিত হবে।’
তিনি বলেন, ‘সারাদেশের মানুষ ১২ তারিখে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছেন। তারা আমাদের দিকে তাকিয়ে আছেন। বিগত তিনটি নির্বাচনে ভোট না দিতে পেরে কেন্দ্র থেকে তাদের ফিরে আসতে হয়েছে। দেশের মানুষ আর ওই নির্বাচন চান না।’
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এনসিপির নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘দেশের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য, দুর্নীতি ও অনিয়মের শিকার। জনগণের মৌলিক অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি রাজপথে সক্রিয় রয়েছে। এনসিপি ক্ষমতার রাজনীতি নয়; বরং মানুষের অধিকার আদায়ের রাজনীতিতে বিশ্বাস করে।’
তিনি আরো বলেন, ‘শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও ভালুকাসহ ময়মনসিংহ অঞ্চলের মানুষ নানামুখী সমস্যায় জর্জরিত। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার ক্ষেত্রে এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন অবহেলার শিকার হয়েছে। এসব সমস্যা সমাধানে জনগণের পাশে থেকে এনসিপি কাজ করবে।’
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে এনসিপির মনোনীত প্রার্থী ডা: জাহিদুল ইসলামকে (শাপলা কলি প্রতীক) ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
ময়মনসিংহ জেলা যুবশক্তির আহ্বায়ক ফারনিম ফাহিমের পরিচালনায় ও এনসিপির ভালুকা উপজেলা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে পথসভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের ১১ দলীয় জোটের মনোনীত (এনসিপির) প্রার্থী ডা: জাহিদুল ইসলাম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুনিরা শারমিন, জাতীয় যুবশক্তির মূখ্য সংগঠক ফরহাদ সোহেল, ময়মনসিংহ জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল করিম, জামায়াতের ভালুকা উপজেলার আমির ছাইফ উল্যাহ পাঠান ফজলু, সেক্রেটারি শাহীনুর রহমান শাহীন প্রমুখ।
পরে একটি নির্বাচনী পথযাত্রা বের করা হয়।



