এনসিপি সরকারে না গিয়েও সরকারি সকল সুযোগ-সুবিধা নিচ্ছে : বিএনপি নেতা

এনসিপি সরকারে না গিয়েও সকল সুযোগ-সুবিধা নিচ্ছে, তারা রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছে। এছাড়া বিভিন্ন অফিসে গিয়ে সুযোগ-সুবিধাও পাচ্ছে। তারা সকল ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করছে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
বক্তব্য রাখেন খায়রুল কবির খোকন
বক্তব্য রাখেন খায়রুল কবির খোকন |নয়া দিগন্ত

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘এনসিপি সরকারে না গিয়েও সকল সুযোগ-সুবিধা নিচ্ছে, তারা রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছে। এছাড়া বিভিন্ন অফিসে গিয়ে সুযোগ-সুবিধাও পাচ্ছে। তারা সকল ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করছে।’

বুধবার (১৩ আগস্ট) বিকেলে মাদারীপুরে পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নের কার্যক্রম উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে এনসিপি সংস্কারের কথা বলছে, কিন্তু এমন সংস্কারের ৩১ দফা দাবি বিএনপির পক্ষ থেকে আগেই তোলা হয়েছে। এসব দাবির মধ্যেই সব ধরনের সংস্কার রয়েছে। বিএনপির নেতাকর্মীরা বিগত ১৬ বছর নির্বাচন ও গণতান্ত্রিক সরকারের জন্য সংগ্রাম ও লড়াই করেছে। অনির্বাচিত সরকারের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়। এ দেশের মালিক জনগণ। তাই জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়া না পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে। অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি আগামীর নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করবে।’

কেন্দ্রীয় বিএনপির এ নেতা বলেন, ‘আগামী ৯ সেপ্টেম্বরে ডাকসু নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। কিন্তু নিজেদের স্বার্থের জন্য এনসিপি এ নির্বাচনকে কেন্দ্র করে হলে রাজনীতি বন্ধ করেছে।’

একই অনুষ্ঠানে কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, ‘যাদের নিয়ে বিগত দিনে বিএনপি পথ চলেছে তাদের নিয়েই আগামীতে সব ধরনের অপশক্তির মোকাবেলা করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব এ দেশ সবাই এগিয়ে নিয়ে যাব। তারেক রহমানই আগামীতে বাংলাদেশের অভিভাবক হবেন।’

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, সদস্য কাজী হুমায়ুন কবির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রোকন উদ্দিন মিঞা, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদার, অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, মিজানুর রহমান মুরাদসহ প্রমুখ।