চট্টগ্রামের কর্ণফুলীতে আগুনে তিনটি পরিবারের বসতবাড়ি ও টাকাসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জামালের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় ঘরের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এলাকাবাসী প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে কর্ণফুলী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে সরু রাস্তার কারণে পানিবাহী গাড়ি ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মামুন বলেন, আগুনে ঘরের সব আসবাবপত্র ও সঞ্চিত অর্থ পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষতিগ্রস্ত আসবাবপত্র সরানোর সময় অক্ষত রুমাল মোড়ানো টাকার বান্ডিল খুঁজে পান। ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও রুমালটি অক্ষত অবস্থায় থেকে যায়। এ খবর ছড়িয়ে পড়লে রুমালটি দেখতে স্থানীয়রা ভিড় জমাতে থাকে।
কর্ণফুলী ফায়ার সার্ভিসের লিডার নেয়ামত উল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লাখ টাকা।



