ঝালকাঠির কাঁঠালিয়ায় মৎস্য অধিদফতরের বিশেষ অভিযানে নিষিদ্ধ বেহুন্দি ও চায়না জাল জব্দ করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ ও পোনামাছ রক্ষায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানি খালে এই অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে কাঁঠালিয়া উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে এ ঝটিকা অভিযান চালানো হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানি খাল থেকে মাছের বংশবৃদ্ধি ধ্বংসকারী বেশ কয়েকটি নিষিদ্ধ বেহুন্দি ও চায়না জাল জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল স্থাপনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ বেহুন্দি ও চায়না জালগুলো উপজেলা পরিষদ মাঠে নিয়ে আসা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মকবুল হোসেনের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জালগুলো আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার বলেন, ‘বেহুন্দি ও চায়না জালের মতো নিষিদ্ধ জালগুলো আমাদের দেশীয় প্রজাতির মাছের পোনা ও ডিম্বাণু ধ্বংস করে দিচ্ছে। মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। কাঁঠালিয়া উপজেলার নদীগুলোকে ক্ষতিকর জালমুক্ত করতে আমাদের এই বিশেষ অভিযান ও মোবাইল কোর্টের তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে।’
মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করতে স্থানীয় জেলে সমাজ ও সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।



