নওগাঁ সীমান্তে পুশইনে ব্যর্থ, ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Naogaon

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রায় ২১ ঘণ্টা পর তাদের ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেয় বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোর ৪টার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলারের উত্তর পাতাড়ি এলাকা দিয়ে ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায় বিএসএফ। এ খবর পেয়ে ঘটনাস্থলে সতর্ক অবস্থান নেয় বিজিবি সদস্যরা এবং সীমান্তে টহল জোরদার করা হয়।

স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় জড়ো হয়ে পরিস্থিতির ওপর নজর রাখেন। উত্তর পাতাড়ি গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, পুশইনের খবর পাওয়ার পর গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। বিজিবির সদস্যরা দৃঢ় অবস্থান নিয়ে দায়িত্ব পালন করেছেন এবং কাউকেই বাংলাদেশে প্রবেশ করতে দেননি।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, পুশইনের চেষ্টার খবর পাওয়ার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল মোতায়েন করা হয়। বিজিবি সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে ছিলেন। রাত ১টার দিকে বিএসএফ সীমান্তের আলোকসজ্জা বন্ধ করে দেয়। এরপর রাতের অন্ধকারে তারা পুশইনের চেষ্টা থেকে সরে এসে ওই ৯ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, ভোর হওয়ার পর সীমান্তের ওই স্থানে আর কাউকে দেখা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সম্ভাব্য অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে ওই এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

স্থানীয়দের মতে, বিজিবির কঠোর অবস্থান ও সতর্ক তৎপরতার কারণেই পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্ত এলাকায় বর্তমানে শান্ত পরিস্থিতি বিরাজ করছে।