বরগুনার বেতাগী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন বাংলাদেশ সেবাশ্রম বেতাগী শাখার নাট মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।
রোববার (১৫ মার্চ) সকালে মন্দিরের পুরোহিত পূজা দিতে গিয়ে দেখে মন্দিরের রাধাকৃষ্ণ মূর্তিসহ প্রয়োজনীয় পূজার উপকরণ চুরি হয়ে গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সেবাশ্রমের ভক্তদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
শনিবার গভীর রাতে সেবাশ্রমের নাট মন্দিরের পিতলের তৈরি এক ফুট উচ্চতাবিশিষ্ট রাধাকৃষ্ণ মূর্তি, ঘণ্টা, কাসার ঘটিসহ সেবাশ্রম মন্দিরের বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি হয়েছে।
সেবাশ্রম সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে মন্দির বন্ধ করে চলে যান সেবাশ্রমের সেবায়েত ও সংশ্লিষ্টরা।
পরে দেখা যায় মন্দিরের দানবাক্স ভেঙে নগদ অর্থসহ কিছু ধর্মীয় সামগ্রী চুরি হয়ে গেছে।
মন্দিরের সেবাইত লক্ষ্মী রানী বলেন, ‘চোরেরা গভীর রাতে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দানবাক্সে থাকা নগদ টাকা এবং মন্দিরে ব্যবহৃত কিছু মূল্যবান সামগ্রী নিয়ে যায়।’
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষসহ এলাকাবাসী মন্দিরে ভিড় করেন। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সেবাশ্রম মন্দির কমিটির সভাপতি অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মনোরঞ্জন বড়াল বলেন, ‘সেবাশ্রমে চুরির ঘটনা খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক।’
ঘটনার বিবরণ দিয়ে মন্দিরের চুরি হয়ে যাওয়া মালামাল পুনরুদ্ধার ও চোর শনাক্ত করে উপযুক্ত বিচারের দাবি জানান তিনি।
খবর পেয়ে বেতাগী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সেবাশ্রমের সাধারণ সম্পাদক স্বপন কুমার ঢালী বলেন, ‘এই চুরির ঘটনার পর থেকে মন্দির এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন সেবাশ্রমের সকল সদস্য, সেবাইত ও স্থানীয় ভক্তরা।’
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জুয়েল ইসলাম বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং চোর শনাক্ত করতে চেষ্টা চলছে। শহরের আশপাশের এলাকায় খোঁজখবর নেয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।’



