ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির বানিয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ চারজন নিহতের ঘটনায় বাসমালিক ইউসুফ মাঝিকে (৫১) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইউসুফ মাঝি বরিশালের বাবুগঞ্জ থানার কেদারপুর গ্রামের বাসিন্দা।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, বাসটির চালক অদক্ষ এবং বাসটির ফিটনেস ছিল মেয়াদোত্তীর্ণ। এর দায় মালিক এড়াতে পারেন না। তাছাড়া এ ঘটনায় সড়ক পরিবহন আইনে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রামগামী একটি বাস বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে উল্টে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে যায়। এতে তাৎক্ষণিক বাস ও মোটরসাইকেলে আগুন ধরে যায়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলেসহ চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান।



