দীর্ঘ প্রবাস জীবনের ক্লান্তি মুছে দিতে দেশে আসছিলেন শওকত আলী আসিফ। পরদেশে ব্যবসার পরিস্থিতি কিছুটা প্রতিকূল হওয়ায় বুকভরা আশা নিয়ে এসেছিলেন দেশে। পরিস্থিতি না ফিরলে ঘুরে দাঁড়াতে বিকল্প কোনো কর্মসংস্থান খুঁজে নেবেন। কিন্তু স্বপ্ন ডানা মেলার আগেই নিভে গেল এক উজ্জ্বল প্রাণের প্রদীপ।
বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হন তিনি। এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে চট্টগ্রাম পার্কভিও হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আসিফের (৩৫)।
তার এক মেয়ে, এক ছেলে এবং স্ত্রী রয়েছে।
আসিফ ওই উপজেলার জোরারগঞ্জ থানার ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এরাদ মিয়া চেয়ারম্যান বাড়ির মোহাম্মদ আলমের বড় ছেলে। তিনি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতে (মোরশেদ-সোহাগ পরিষদ) সহ অর্থ সম্পাদকের দায়িত্বে ছিলেন।



