রাজশাহীর দুর্গাপুরে প্রাইভেটকারের গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মো: মাহফুজ আহম্মেদকে (৩২) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শ্রীধরপুর গ্রামের পার্শ্ববর্তী পাচুবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাহফুজ আহম্মেদ দুর্গাপুর থানার গোপীনাথপুর খাঁস খামার গ্রামের মাহাবুব রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো: জাহাঙ্গীর আলম বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। পাশাপাশি তিনি মাছ চাষের ব্যবসার সাথেও জড়িত। মঙ্গলবার দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি জনতা ব্যাংক, দুর্গাপুর শাখা থেকে ১২ লাখ টাকা উত্তোলন করেন। পরে দুপুর সোয়া ১টার দিকে নিজ বাড়ির নিচতলার গ্যারেজে রাখা প্রাইভেটকারের ভেতরে টাকাগুলো রেখে গাড়ি লক করে বাসার দ্বিতীয় তলায় যান। ওই সময় বাড়িতে নির্মাণকাজ চলছিল।
পরে দুপুর পৌনে ৩টার দিকে গ্যারেজে এসে দেখতে পান, গাড়ির ভেতরে রাখা টাকা নেই এবং গাড়ির বাম পাশের দরজার গ্লাস ভাঙা। পরে এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন তিনি।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মাহফুজ আহম্মেদকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি চুরির কথা স্বীকার করেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগীর বাড়ির সিঁড়ির নিচে সিমেন্টের বস্তার ভেতরে রাখা শপিং ব্যাগ থেকে চুরি যাওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়।
দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘চুরি হওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত মাহফুজকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী চুরি যাওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’



