ঢাকার ধামরাই সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে কলেজের উদ্যোগে দু’টি দ্বিতল বাস সার্ভিস চালু করা হয়েছে।
বুধবার (১৭ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাস সার্ভিসের উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের এমপি তমিজ উদ্দিন।
কলেজের অধ্যক্ষ মো: ইফতেখার হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে এমপি তমিজ উদ্দিন বলেন, ‘দীর্ঘ ৫৪ বছর পর সরকারি উদ্যোগে ধামরাই সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য দু’টি বাস চালু করা হয়েছে। এতে শিক্ষার মান উন্নয়ন হবে। শিক্ষার মান বাড়াতে ছাত্রবাসসহ অন্যান্য উন্নয়ন কাজও করা হবে।’
দু’টি বাসের মধ্যে একটি আশুলিয়া জিরানি থেকে ধামরাই কলেজ পর্যন্ত এবং অন্যটি কাওয়ালীপাড়া থেকে কলেজ পর্যন্ত চলাচল করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার এবং সোমভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ এম রুস্তমসহ কলেজের শিক্ষকরা।



