বোয়ালমারীতে ব্রিজের পাড় ধসে জনদুর্ভোগ, বড় দুর্ঘটনার আশঙ্কা

টানা বৃষ্টিতে রাজাপুর ও দাদপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ ব্রিজের একটি অংশ ধসে যাওয়ায় যানবাহন ও পথচারী চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন স্থানীয়রা সংস্কারের দাবি জানালেও প্রশাসন কোনো পদক্ষেপ না নেয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা

Location :

Boalmari
ব্রিজের পাড়ে ধস
ব্রিজের পাড়ে ধস |নয়া দিগন্ত

ফরিদপুরের বোয়ালমারীর দাদপুর ইউনিয়নের রাজাপুর ও দাদপুর গ্রামের সংযোগকারী গুরুত্বপূর্ণ একটি ব্রিজের পাড় ধসে পড়ায় ব্যাপক দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সাম্প্রতিক টানা বৃষ্টিপাতের কারণে ব্রিজটির এক পাশের মাটি সরে গিয়ে বড় ধরনের ফাটল ও ধসের সৃষ্টি হয়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

শনিবার (১১ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজসংলগ্ন সড়কের পাড় ধসে পড়ে মাটি সরে গেছে। ফলে যানবাহন চলাচলের পথ অনেকটাই সংকীর্ণ হয়ে পড়েছে।

এতে ব্যাটারিচালিত ইজিবাইক, ভ্যান, রিকশা, মোটরসাইকেল ও ছোট পিকআপভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এমনকি পথচারীদেরও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন তারা ব্রিজটির পাড় সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। দাদপুর ইউনিয়ন পরিষদ থেকে একবার সংস্কারের আশ্বাস দেয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। ফলে সময়ের সাথে সাথে ভাঙনের পরিমাণ আরো বেড়েছে।

স্থানীয় বাসিন্দারা আরো জানান, টানা বৃষ্টিতে ব্রিজের পাড় ধসে যাওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। কিছুদিন আগে এক মোটরসাইকেল আরোহী দুর্ঘটনায় গুরুতর আহত হন। ভাঙা অংশের কারণে ব্যাটারিচালিত ইজিবাইক, নসিমন, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও সাধারণ মানুষের যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

বিশেষ করে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ এই সড়ক ব্যবহার করায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। দ্রুত ব্রিজের পাড় সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপও দাবি জানান তারা।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জাফর সরদার জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে দাদপুর ইউপি চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন মুশার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।