মাগুরায় ট্রাকের ধাক্কায় ট্রলি চালক নিহত

সন্ধ্যায় একটি তিন চাকার ট্রলি সড়ক পার হচ্ছিল। এ সময় যশোরমুখী একটি ট্রাক ট্রলিটিকে ধাক্কা দেয়।

নয়া দিগন্ত অনলাইন
মাগুরার ম্যাপ
মাগুরার ম্যাপ |নয়া দিগন্ত

মাগুরার সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি তিন চাকার ট্রলির চালক নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৭টার দিকে মাগুরা-যশোর সড়কের জাগলা আঙ্গারদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো: কামরুল ইসলাম (২৯) যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের বাসিন্দা হাসানুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় একটি তিন চাকার ট্রলি সড়ক পার হচ্ছিল। এ সময় যশোরমুখী একটি ট্রাক ট্রলিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রলির চালক কামরুল ইসলামের মৃত্যু হয়। ট্রলিটিও দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান।

মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

সূত্র : বাসস