জামালপুরের সরিষাবাড়ীতে ঋণের টাকা পরিশোধ করতে না পারা এবং পারিবারিক কলহের জের ধরে আমিনা বেগম (৩২) নামে দুই সন্তানের এক জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমিনা বেগম ওই গ্রামের সৌদি প্রবাসী শিপন মিয়ার স্ত্রী এবং সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলার ভাঙ্গাবাড়ি এলাকার আব্দুল হাকিমের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আমিনা বেগমের স্বামী শিপন পাঁচ বছর ধরে সৌদি আরব আছেন। ঘটনার রাতে আমিনা বেগম দুই সন্তান নিয়ে রাতের খাবার খেয়ে নিজেদের আলাদা ঘরে ঘুমাতে যান।
নিহতের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সাফিয়া আক্তার জানায়, রাত আনুমানিক ২টার দিকে তার ঘুম ভাঙলে সে দেখে তার মা বিছানায় নেই। পরে পাশের কক্ষে গিয়ে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার ডাক-চিৎকারে দাদা-দাদি ও প্রতিবেশীরা ছুটে আসেন।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বিদেশ যাওয়ার সময় শিপন বিপুল পরিমাণ টাকা ঋণ করেছিলেন। কিন্তু বেশ কিছুদিন ধরে তিনি অনলাইন জুয়ার সাথে জড়িয়ে পড়েন। জুয়ায় আসক্ত হওয়ার কারণে তিনি বাড়িতে নিয়মিত টাকা পাঠাতেন না।
এদিকে বিদেশ যাওয়ার সময় এনজিও থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধ করতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছিলেন আমিনা বেগম। টাকা পাঠাতে না পারা এবং কিস্তির চাপ নিয়ে স্বামীর সাথে প্রায়ই তার মোবাইলফোনে কথা-কাটাকাটি ও পারিবারিক কলহ লেগেই থাকত। তীব্র এই মানসিক যন্ত্রণা ও ঋণের বোঝা সইতে না পেরেই আমিনা বেগম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এলাকাবাসী।
খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



