সিলেটে ক্রমশই বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন আরো চারজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি মৌসুমে জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে।
রোববার (৩ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: আনিসুর রহমান।
স্বাস্থ্য অধিদফ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন সাতজন ডেঙ্গুরোগী। এর মধ্যে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, নর্থ-ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, সুনামগঞ্জ সদর হাসপাতালে দুইজন ভর্তি রয়েছেন।
চলতি মৌসুমে সাত মাসে সিলেট বিভাগে ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও ৬৬ জন ডেঙ্গুরোগী শনাক্ত করা হয়েছে।
এর মধ্যে চলতি আগস্ট মাসের তিন দিনে শনাক্ত হয়েছেন চারজন।
এছাড়া গত জুলাই মাসে শনাক্ত হয়েছেন ২৯ জন। জুন মাসে শনাক্ত হয়েছেন ১৪ জন। মে মাসে শনাক্ত হন ১২ জন। এপ্রিল ও ফেব্রুয়ারি মাসে কোনো রোগী শনাক্ত না হলেও জানুয়ারি মাসে ছয় ও মার্চ মাসে একজন ডেঙ্গুরোগী শনাক্ত হন।
চলতি মৌসুমে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত ৬৬ ডেঙ্গুরোগীর মধ্যে সিলেট জেলার ১৯ জন, মৌলভীবাজার জেলার ১৫ জন, হবিগঞ্জে ২৫ জন ও সুনামগঞ্জের সাতজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: আনিসুর রহমান বলেন, ‘করোনার সাথে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। এ ব্যাপারে বিশেষ করে করোনা কিংবা ডেঙ্গু আক্রান্ত হলে কেউ যদি নিজ থেকে আইসোলেটেড হয়ে যান তাহলে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটা কমে আসবে। বিষয়টি সবার নজর রাখতে হবে।’



