সীমান্তবর্তী এলাকার বেসামরিক যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দিনাজপুর বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের (৪২ বিজিবি) ব্যবস্থাপনায় বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার, কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
প্রধান অতিথি বলেন, ‘এই প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে।’
অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তারা কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
এছাড়াও প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী, ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, বিজিবি দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান খান, বিরল উপজেলা নির্বাহী অফিসার মো: রেজাউল ইসলাম, দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন, বিজিবির কর্মকর্তাবৃন্দ, অফিসার ইনচার্জ, বিরল থানা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



