সিলেটে ৯৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

শনিবার রাত ৮টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর এলাকায় বিশেষ অভিযান চালায় এসএমপি। এ সময় কুখ্যাত মাদক কারবারি সেলিমকে আটক করা হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
জব্দকৃত মাদক ও টাকাসহ আটক মাদক কারবারি মো: সেলিম আহমদ
জব্দকৃত মাদক ও টাকাসহ আটক মাদক কারবারি মো: সেলিম আহমদ |নয়া দিগন্ত

সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শনিবার (২৭ জুন) রাতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

আটক মাদক কারবারির নাম মো: সেলিম আহমদ (৪৫)। তিনি জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকার মরহুম শাহজাহান বাদশার ছেলে এবং বর্তমানে নগরীর কাষ্টঘর সুইপার কলোনির নতুন বিল্ডিং-১-এ বসবাস করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর এলাকায় বিশেষ অভিযান চালায় এসএমপি। এ সময় কুখ্যাত মাদক কারবারি সেলিমকে আটক করা হয়। সেইসাথে নয় হাজার ৪০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ এক লাখ ৮৬ হাজার ২০৬ টাকা উদ্ধার করা হয়।

রোববার (২৮ জুন) এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম।

তিনি জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের-পূর্বক আটক সেলিমকে আদালতে সোপর্দ করা হয়েছে।