সিলেট-মাস্কাট রুটে ১ সেপ্টেম্বর থেকে সরাসরি ফ্লাইট চালাবে সালাম এয়ার

সালাম এয়ারের ফ্লাইট চালু হলে সিলেট থেকে একমাত্র বিদেশী এয়ারলাইন্স হিসেবে তারাই ফ্লাইট পরিচালনা করবে। ফলে কিছুটা হলেও আর্ন্তজাতিক বিমানবন্দরের আক্ষেপ ঘোচাবে ওসমানী বিমানবন্দর।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সালাম এয়ারের বিমান
সালাম এয়ারের বিমান |নয়া দিগন্ত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের মাস্কাটে সরাসরি ফ্লাইট চালাবে দেশটির বাজেট এয়ারলাইন ‘সালাম এয়ার’। আগামী ১ সেপ্টেম্বর থেকে সিলেট-মাস্কাট রুটে প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন ফ্লাইট চালাবে এয়ারলাইন্সটি।

সোমবার (৬ জুলাই) সালাম এয়ার এই ঘোষণা দিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সালাম এয়ারের এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও ওমানের মধ্যে আকাশপথে যোগাযোগ আরো শক্তিশালী হবে। বিশেষ করে সিলেট অঞ্চলের প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রুট চালু হওয়ায় যাত্রীদের ভ্রমণ আরো সুবিধাজনক হবে। এছাড়া মাস্কাটে ট্রানজিট হয়ে বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবেন বাংলাদেশীরা।

সালাম এয়ারের বাংলাদেশী জেনারেল সেলস অ্যাজেন্ট (জিএসএ) এয়ারউইং এভিয়েশন লিমিটেড জানিয়েছে, ফ্লাইটের নির্দিষ্ট সময়সূচি, ভাড়া ও টিকিট বিক্রির বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। তবে সর্বনিম্ন একমুখী ভাড়া ৬৬.৯৯ ওমানি রিয়াল থেকে শুরু হবে।

জানা গেছে, বর্তমানে ওসমানী বিমানবন্দর থেকে শুধু রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন ও ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে।

সালাম এয়ারের ফ্লাইট চালু হলে সিলেট থেকে একমাত্র বিদেশী এয়ারলাইন্স হিসেবে তারাই ফ্লাইট পরিচালনা করবে। ফলে কিছুটা হলেও আর্ন্তজাতিক বিমানবন্দরের আক্ষেপ ঘোচাবে ওসমানী বিমানবন্দর।

ওমান প্রবাসী মো: রাজু মিয়া বলেন, নতুন এই রুটে সরাসরি ফ্লাইট চালু হলে ওমানে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের জন্য সিলেটে যাতায়াত আরো সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি ট্রানজিটের ঝামেলা কমে আসবে এবং ভ্রমণের সময়ও সাশ্রয় হবে।