বরগুনার পাথরঘাটায় ৩৬ হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার কাকচিরা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা কাকচিরা বাজারে অভিযান চালান। এ সময় দয়াল এন্টারপ্রাইজ ও খাতিজা এন্টারপ্রাইজ নামে দু’টি দোকানে তল্লাশি চালিয়ে মোট ১৮০ ব্যারেল (প্রায় ৩৬ হাজার ৭২০ লিটার) ভোজ্যতেলের মজুত পাওয়া যায়। অসাধু উপায়ে তেল মজুত ও চড়া দামে বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে পৃথকভাবে জরিমানা করা হয়। এরমধ্যে দয়াল এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা এবং খাতিজা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাশেদ জানান, বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করে যারা সাধারণ মানুষকে জিম্মি করছে, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযান শেষে তেলগুলো ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রির প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ ক্রেতারা।



