চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চান্দিনায় চাকা ফেটে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে গেছে প্রাইভেটকারের। এতে পরিবারের পাঁচ জন আহত হয়েছেন।
শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টায় কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা-কুরছাপ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম শিলুয়া গ্রামের মৃত আবিদুর রহমান ছেলে মোস্তফা মিয়া (৭০), তার স্ত্রী সেলিনা (৬০)সহ আরো তিনজন। আহতরা একই পরিবারের সদস্য। তাদের মধ্যে মোস্তফা ও সেলিনার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ফেনী যাচ্ছিল মোস্তফার পরিবার। শুক্রবার মহাসড়ক অনেকটাই ফাঁকা থাকায় বেপরোয়া গতিতে ছুটে আসা প্রাইভেটকারটি কুরছাপ এলাকায় আসার পর চাকা ফেটে মহাসড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচরে খাদে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার রাজিব সাহা জানান, আহতদের মধ্যে মোস্তফা ও সেলিনার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।



