জামালপুরের দেওয়ানগঞ্জে ১২০ লিটার জ্বালানি তেল পাচারকালে সাব্বির হোসেন (২১) নামের এক যুবককে আটকের পর তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত সাব্বির হোসেন কাঠারবিল গ্রামের বাদশা আলীর ছেলে।
জানা গেছে, ওইদিন জ্বালানি তেলের জন্য ভোর থেকে ফিলিং স্টেশনে শতশত মানুষের ভিড় জমে। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায় তেল নেয়ার লাইন ভাঙার কারণে। এ সময় সাব্বির হোসেন কৌশলে ওই ফিলিং স্টেশন থেকে ১২০ লিটার জ্বালানি তেল অবৈধভাবে সংগ্রহে করে পাচার করার চেষ্টা করে। স্থানীয় জনতা জানতে পেরে উত্তেজিত হয়ে পড়ে।
খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যান দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মুহাম্মদ জহুরুল হোসেনসহ দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ। পরে অবৈধভাবে জ্বালানি তেল পাচার করার অপরাধে সাব্বির হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে ইউএনও শাহ জহুরুল হোসেন নয়া দিগন্তকে জানান, বুধবার কাঠারবিল ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে অতিরিক্ত ১২০ লিটার ডিজেল বহনের অভিযোগে যুবক সাব্বির হোসেনকে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ মজুদ রোধে এ অভিযান অব্যাহত থাকবে।



