নওগাঁর রাণীনগরে ছয় বছরের এক শিশু গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রাতে ভুক্তভোগী শিশুর মা থানায় মামলা করেন। থানাপুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই দুই কিশোরকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, বুধবার বিকেলে শিশুটি খেলছিল। এ সময় প্রতিবেশী দুই কিশোর মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে তাকে বাড়িতে ডেকে নেয়। পরে ঘরের মধ্যে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। শিশুটির মা তাকে খুঁজতে থাকলে ওই দুই কিশোর শিশুটিকে ফেলে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। প্রথমে রাণীনগর হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও অবস্থার অবনতি হলে রাতে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় শিশুর মা দুই কিশোরকে আসামি করে বুধবার রাতে রাণীনগর থানায় মামলা করেন। দায়ের মামলার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে ওই দুই কিশোরকে গ্রেফতার করা হয়।
ওসি জাকারিয়া মন্ডল আরো জানান, ধর্ষণের কারণে শিশুর প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাকে রক্তাক্ত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গণধর্ষণের কথা স্বীকার করেছে গ্রেফতার দুই কিশোর। তাদেরকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।



