ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকার মাজার রোডে একটি ৫ম তলা বাসা থেকে ন্যাশনাল ব্যাংক লিমিটেড গফরগাঁও উপশাখার কর্মচারী শরিফুল ইসলামের (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ঘরের ভেতরে ফ্যান ঝুলানো হুকের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজনকে নিয়ে শরিফুলের লাশ উদ্ধার করে।
নিহতের বাড়ি ফুলবাড়িয়া উপজেলার দক্ষিণ আন্দালিয়া পাড়া এলাকা। তার বাবার নাম মো: আবু রায়হান।
বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও থানার এস আই আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘ঘরে ভেতরে তার আত্মহত্যা ঘটনা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে ঘরে ভেতরে প্রবেশ করলে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ পাওয়া যায়।’
তিনি আরো বলেন, প্রায় দুই বছর ধরে নিহত শরিফুল এ বাসায় সিঁড়ি কোটায় ভাড়া একা বসবাস করতেন। সে অবিবাহিত ছিল।
তবে প্রাথমিকভাবে ধারণা করছি, এটি আত্মহত্যা। তারপরও আমরা ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে।
বাসায় মালিক মজিবুর রহমান বলেন, তার ভাড়াটিয়া শরিফুল ইসলামকে সকালে ব্যাংকে অনুপস্থিত দেখে ব্যাংক কর্মকর্তা তাকে ফোনে তার খোঁজ নিতে বলেন। পরে বাসায় ৫ম তলায় উঠে তার ঘরের দরজা ধাক্কা দিতে থাকেন। এক পর্যায়ে দরজা খুলে গেলে শরিফুলের লাশ হুকের সাথে ঝুলন্ত দেখা যায়। পরে নিহতের পরিবারের লোকজন, ব্যাংকের লোকজন ও থানা পুলিশকে খবর দেয়া হয়।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড গফরগাঁও উপশাখার ব্যাবস্থাপক অনুপ কুমার বকশি জানান, শরীফুল ইসলাম (২১) ২০২৩ সাল থেকে এই উপশাখায় অফিস সহায়ক হিসেবে দৈনন্দিন ভাতায় কাজ করতেন।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আসম আতিকুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’



