ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের ঈদগাঁওতে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও দেড় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) উপজেলার ঈদগাঁও ইউনিয়নের শিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন ঈদগাঁও ইউনিয়নের মধ্যম শিয়াপাড়ার মরহুম আলী মিয়ার ছেলে ফারুক মিয়া (৪২) এবং দরগাহপাড়া এলাকার মরহুম জাফর আলমের ছেলে মো: সাজ্জাদ প্রকাশ আব্বুইয়া (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ জুলাই ভোররাত সাড়ে ১২টার দিকে ঈদগাঁও বাজারের ব্যবসায়ী রহিম উদ্দিন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিয়াপাড়া এলাকায় আগে থেকে অবস্থান করা ফারুক ও সাজ্জাদসহ চার জনের একটি সংবদ্ধ দল তার গতিপথ রোধ করে। এ সময় তারা ব্যবসায়ীকে মারধর করে সাথে থাকা নগদ এক লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিয়াপাড়া থেকে মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।



