হিলি (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের হিলিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সোয়া ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাদের ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উপজেলার ১০৫ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে এ সংবর্ধনা দেয়া হয়েছে। সেই সাথে তাদের যেকোনো প্রয়োজনে প্রশাসন সবসময় পাশে থাকবে বলেও জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানসহ অনেকে।



