রাজশাহীর দুর্গাপুর উপজেলার কানপাড়া ও কালীগঞ্জ বাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি এবং খোলা তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা করা হয়।
এ সময় বাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু জানান, জনস্বার্থে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কেউ কৃত্রিম সঙ্কট সৃষ্টি বা অতিরিক্ত দামে তেল বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



