মৌলভীবাজারে জ্বালানি তেল, গ্যাস সঙ্কট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য জোট।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ উপলক্ষে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা প্রশাসকের অনুপস্থিতিতে স্মারক লিপি গ্রহণ করেন ডিডি, এলজি, (উপপরিচালক, স্থানীয় সরকার, মৌলভীবাজার) রুবেল মাহমুদ। তিনি অত্যন্ত আন্তরিকভাবে স্মারকলিপি গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি পৌঁছে দেবেন বলে উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের জেলার আহ্বায়ক টিমের সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী, জেলা জামায়াত সেক্রেটারি মো: ইয়ামীর আলী, এনসিপি জেলা সেক্রেটারি মো: রুহুল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা সেক্রেটারি মাওলানা হিফজুর রহমান হেলাল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি আব্দুল মজিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মো: আলাউদ্দিন শাহ, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক মজলিস কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী, মৌলভীবাজার পৌর জামায়াত আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমির মো: ফখরুল ইসলাম, পৌরসভা সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ প্রমুখ।
একইসাথে আজ প্রেসক্লাব চত্বরে পথচারীদের কাছে ১১ দফা দাবি নিয়ে প্রকাশিত লিফলেট বিতরণ করা হয়। স্মারকলিপি প্রদানের আগে প্রেসক্লাব চত্বরে সমাবেশে ১১ দলীয় ঐক্য জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহেদ আলী বলেন, ‘গ্যাস সঙ্কট, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি দিন দিন জনগণের নাগালের বাইরে চলে যাচ্ছে, জনদুর্ভোগ বাড়ছে। সারাদেশে জনগণের অনেক কষ্ট হচ্ছে, দিন দিন সমস্যা বাড়ছে। নিত্যদিনের এই সমস্যা সমাধানে সরকার কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এতে মানুষ অতিষ্ঠ হয়ে রাস্তায় নামছে। একটা সময় আসবে জনগণকে সামাল দেয়া যাবে না। তাই অবিলম্বে এই সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য ১১ দলীয় নেতৃবৃন্দ জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে।’
১১ দলীয় নেতৃবৃন্দ স্মারকলিপিতে ১১ দফা দাবি উল্লেখ করেন।



