রংপুর সিটি প্রশাসক

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদের উপহারের পরিমাণ কম হলেও ভালোবাসা অনেক

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদের উপহারের পরিমাণটা কম হলেও ভালোবাসার গভীরতা অনেক বেশি বলে মন্তব্য করেছেন রংপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মাহফুজ উন নবী ডন।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুর সিটি করপোরেশনের ঈদ উপহারের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক
রংপুর সিটি করপোরেশনের ঈদ উপহারের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক |নয়া দিগন্ত

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদের উপহারের পরিমাণটা কম হলেও ভালোবাসার গভীরতা অনেক বেশি বলে মন্তব্য করেছেন রংপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মাহফুজ উন নবী ডন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সিটি ক্যাম্পাসে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রত্যেকের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া ৫ হাজার করে টাকার ঈদ উপহারের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

প্রশাসক ডন বলেন, ‘আমাদের সম্পদ কম কিন্তু মানুষের চাহিদা অনেক। আমরা কিন্তু চাইলেই সবকিছু করতে পারি না। আমাদের কষ্টে বুক ফেটে যায়। কিন্তু চাইলেই সম্পদ যেহেতু সীমিত আমরা চাইলেই কিন্তু সেটি করতে পারি না। তারপরেও এই সীমিত সম্পদ দিয়ে আমাদের প্রধানমন্ত্রী সর্বপ্রথম আপনাদের জন্য এই সামান্য এই উপহারটির ব্যবস্থা করেছেন। এই সীমিত সম্পদের মধ্যেও এই আপনাদের যে উপহারটি দিচ্ছেন উনি সেই উপহারের পরিমাণ কিন্তু কম। কিন্তু আপনাদের প্রতি ভালোবাসা বা আপনাদের প্রতি ওনার যে চিন্তাটা এটা কিন্তু অনেক বেশি। এটার মূল্য কিন্তু অনেক বেশি।’

তিনি বলেন, ‘যে কঠিন কাজটি আপনারা করেন, যে পরিচ্ছন্নতার যে কঠিন কাজটি আপনারা করে শহরটিকে আপনারা সুন্দর রাখেন, আমরা হয়তো এর প্রয়োজনীয় যে প্রাপ্য যে মূল্যায়ন সেটি আপনারা আমরা করতে পারব না। কিন্তু আপনাদের প্রতি আমাদের চিন্তা আছে, ভালোবাসা আছে। ভবিষ্যতে যদি কখনো সুযোগ পাই আপনাদের জন্য আমরা অবশ্যই এর চেয়েও ভালো কিছু করব।’

তিনি আরো বলেন, ‘আমি চেষ্টা করব যে প্রকৃত অর্থেই যেন রংপুর সিটি করপোরেশনের প্রত্যেকটি নাগরিককে তাদের প্রাপ্য যে হক বা প্রাপ্য যে তাদের পাওনা সেটি যেন আমরা বুঝিয়ে দিতে পারি। আমি নগরের প্রত্যেকটি নাগরিকের কাছে আমি বিনীতভাবে বলতে চাই যে, ‘আপনারা আমাদের এই সীমিত যে সম্পদ, এই সীমিত সম্পদ নিয়ে আমরা যেন এই নগরটিকে একটি পরিষ্কার, সবুজ এবং আধুনিক নগরীতে পরিণত করি করতে পারি। সেজন্য আপনারা প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে আমাকে সহযোগিতা করবেন। আমার জন্য দোয়া রাখবেন। আমার জন্য সমর্থন রাখবেন।’

সিটি প্রশাসক বলেন, ‘এই রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই যে, প্রত্যেকটি নাগরিককে, প্রত্যেকটি নাগরিকের নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং ওয়াদাবদ্ধ। এখানে দলমত সকল কিছুর ঊর্ধ্বে থেকে আমরা রংপুর শহরের বা রংপুর সিটি করপোরেশনের প্রত্যেকটি নাগরিকের অধিকার আমরা নিশ্চিত করতে চাই। ’

তিনি আরো বলেন, ‘এই সিটি করপোরেশনটি কোনো নির্দিষ্ট দলের নয় বা নির্দিষ্ট ব্যক্তির নয়। রংপুর নগরীতে যে ১০ লাখ নাগরিক আছে, প্রত্যেকটি নাগরিকের এই সিটি করপোরেশন থেকে তাদের যে প্রাপ্য সুবিধা সেটি পাওয়ার হক রয়েছে। সেই হকটি আমরা অবশ্যই আদায় করব এবং সেই জিনিসটি আমরা অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করব।’

পরে তিনি ৮৫৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ৫ হাজার করে টাকার চেক বিতরণের পাশাপাশি তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিয়ম করেন। এসময় সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।