মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, ‘সকালে একটি তদন্তের কাজে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাওয়ার পথে দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা আসছেন, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা কর্মকর্তা আলাউদ্দিন (৩৮)
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন।

রোববার দুপুর ১২টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে আবুতোরাব সড়কের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আলাউদ্দিন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কাশেম মিয়া বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি চলতি বছরের শুরুতে মিরসরাই উপজেলায় আনসার ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

জানা গেছে, সরকারি দায়িত্ব পালন করতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাওয়ার সময় অর্থনৈতিক অঞ্চল সড়কের আবুতোরাব এলাকায় তার মোটরসাইকেলের সাথে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সদরের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরসহ প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, ‘সকালে একটি তদন্তের কাজে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাওয়ার পথে দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা আসছেন, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শুভ্রা দাশ বলেন, দুপুরে সড়ক দুর্ঘটনায় শিকার এক আনসার কর্মকর্তাকে নিয়ে আসা হয়েছে। এখানে আনার আগে তার মৃত্যু হয়। স্থানীয় পুলিশ প্রশাসন পরবর্তী করণীয় সম্পন্ন করছেন।