সিলেট নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘণ্টায় পরিচালিত অভিয়ানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জনকে গ্রেফতার করেছে এসএমপি। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্র জানিয়েছে, শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে সোমবার (১৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদককারবারি, ছিনতাইকারী, জুয়ারি, হকার, সন্দেহভাজন ব্যক্তি ও মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেফতারকৃত আসামিরা রয়েছে। অভিযান চলাকালে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৮৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ১০৪টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপির মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানিয়েছেন, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।



