মাওলানা আবদুল জব্বার

চাষাঢ়া-পঞ্চবটী-মুক্তারপুর সড়কের দৃশ্যমান সংস্কার শুরু না হলে লাগাতার আন্দোলন

‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত দিনে উন্নয়নের কথা বলে আমাদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছিলো, দেশের টাকা বিদেশে পাচার করেছিলো, জনগণ এখন আর তেমন উন্নয়নের গল্প শুনতে চায় না।’

নয়া দিগন্ত অনলাইন

Location :

Narayanganj
জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে চাষাঢ়া-মুক্তারপুর-পঞ্চবটি সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে চাষাঢ়া-মুক্তারপুর-পঞ্চবটি সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে |ছবি : নয়া দিগন্ত

জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে চাষাঢ়া-মুক্তারপুর-পঞ্চবটি সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কাঙ্ক্ষিত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু না হলে মানববন্ধন থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মাওলানা আবদুল জব্বার।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে পঞ্চবটি মোড়ে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় মাওলানা আবদুল জব্বার বলেন, আমরা মনে করেছিলাম ৫ আগস্ট পরবর্তী সারাদেশে অভূতপূর্ব উন্নয়নের ছোঁয়া লাগবে। যে উন্নয়ন চাষাড়া-পঞ্চবটি-মুক্তারপুর সড়কে হবে বলে ভেবেছিলাম, সেটা এখন দুঃস্বপ্ন হয়ে গেছে। আপনারা সংস্কারের কথা বলছেন কিন্তু আর কতদিন আমাদের চোখের সামনে মুলা ঝুলিয়ে সংস্কারের কথা বলবেন! আজ করবো কাল করবো বলে বলে নারায়ণগঞ্জবাসীকে আর কত দিন কষ্টের মধ্যে রাখবেন সেটা আমরা জানতে চাই।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত দিনে উন্নয়নের কথা বলে আমাদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছিলো, দেশের টাকা বিদেশে পাচার করেছিলো, জনগণ এখন আর তেমন উন্নয়নের গল্প শুনতে চায় না। আপনারা উন্নয়নের কথা বলে কেনো কাজ বন্ধ করে রেখেছেন তা জাতি জানতে চায় এবং দৃশ্যমান সংস্কার কাজ দেখতে চায়।

তিনি আরো বলেন, এই এলাকায় যারা বসবাস করে, যারা পরিবহনের সাথে সম্পৃক্ত তাদেরকে চাষাড়ার উদ্দেশে বের হতে হলে কয়েক ঘণ্টা সময় হাতে নিয়ে বের হতে হয়। মানুষের যে সময় নষ্ট হচ্ছে তার দ্বায়িত্ব কে নেবে? বছরের পর বছর কী উন্নয়ন হচ্ছে সেটা সাধারণ মানুষ জানতে চায়। জেলা প্রশাসককে বলবো আপনি ছদ্মবেশে এসে মানুষের দুঃখ-কষ্ট দেখে যান। কেন মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আপনারা কাজের জন্য ছয় মাস সময় নেবেন সেটা আমরা মানবো সেটা দুই বছর মানা সম্ভব নয়।

মাওলানা আবদুল জব্বার বলেন, মানুষ ও যানবাহন চলাচলের জন্য উপযোগী রাস্তা তৈরি করে দিতে হবে। নইলে কী হবে সেটা আপনারা দেখতে পারবেন। যদি আগামী এক সপ্তাহের মধ্যে কাজের অগ্রগতি দেখতে না পাওয়া যায় তাহলে হাজার হাজার মানুষ নিয়ে আমরা রাজপথে নেমে আসবো। আগামীকাল জেলা প্রশাসক মহোদয়ের সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি তুলে দেয়ার মধ্য দিয়ে পরবর্তী করণীয় জানানো হবে।

এ সময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আবু সাঈদ মুন্না, মহানগরী জামায়াতের কর্মপারিষদ সদস্য শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন, নাসির উদ্দিন খোকন, আশরাফুল ইসলাম ফরিদ প্রমুখ।