মাদককারবারিদের ধরিয়ে দিতে হবে : আব্দুস সালাম আজাদ

এমপি বলেন, ‘বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। আমরাও প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আমরা সমানভাবে সবার সাথে ভাইয়ের মতো আপনজন হয়ে থাকতে চাই। এখানে কেউ যদি সহিংসতা, অবিচার ও ষড়যন্ত্রের পথ ধরেন, আপনাদের ছেড়ে দেয়া হবে না।’

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
প্রধান অতিথির বক্তব্যে এমপি
প্রধান অতিথির বক্তব্যে এমপি |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ‘সুপরিকল্পিতভাবে একটি স্বার্থবাদী দেশী বিদেশী ষড়যন্ত্রকারীরা বিভিন্ন কৌশলে মাদকের বিস্তার ঘটিয়ে দেশের পুরো যুব সমাজকে ধ্বংস করে দিতে চাচ্ছে। আমাদের দেশ যেনো দাঁড়াতে না পারে ইয়াবাকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করে সেই কাজটাই ষড়যন্ত্রকারীরা করছে। তাই মাদককারবারিরা যেই হোক না কেনো তাদেরকে ধরিয়ে দিতে হবে।’

বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে সরকারি জিআর চাল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম আজাদ বলেন, ‘আমাদের একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য মাদকের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রশাসন কাজ করে যাচ্ছে কিন্তু মাদকের পুরোপুরি নির্মূলে আপনাদের সবার সহযোগিতা দরকার। কোনো অন্যায়কারী, সন্ত্রাসী, মাদককারবারি কারো সাথে কোনো আপোষ করবো না। নির্বাচনের আগে যে ওয়াদা আমি দিয়েছি, সেখান থেকেও ফিরে যাব না।’

তিনি বলেন, ‘বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। তাই আমরাও প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আমরা সমানভাবে সবার সাথে ভাইয়ের মতো আপনজন হয়ে থাকতে চাই। এখানে কেউ যদি কোনরকম সহিংসতা, অবিচার ও ষড়যন্ত্রের পথ ধরেন, আপনাদের ছেড়ে দেয়া হবে না।’

চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। এ সময় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শেখ সোলায়মান তপু, স্থানীয় বিএনপি নেতা আজিজুল জলিল জুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: আল-আমীন খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: রানা হোসেন রনিসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।