নওগাঁর মান্দায় গাড়ীক্ষেত্র ইসলামীয়া দাখিল মাদরাসার উন্নয়নের দাবিতে মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ৪৯-নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা: ইকরামুল বারী টিপু।
সভায় প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে মণ্ডল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৭ নম্বর প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল মতিন। সভাটি সঞ্চালনা করেন ৭ নম্বর প্রসাদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আল মামুন।
দীর্ঘ ২৭ বছর ধরে এমপিওভুক্তি না হওয়া, অবকাঠামোগত সঙ্কট এবং শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সমস্যার বিষয়টি উল্লেখপূর্বক প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরে স্বাগত বক্তব্য দেন মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা লোকমান হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা: ইকরামুল বারী টিপু বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এ মাদরাসার এমপিওভুক্তি ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার চেষ্টা করা হবে। তিনি দীর্ঘ ২৭ বছর ধরে বেতন ছাড়া দায়িত্ব পালন করে আসা শিক্ষকদের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে এমপিওকরণ ও বাস্তবায়নের আশ্বাস দেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, বিএনপি নেতা রফিকুল ইসলাম, সাবেক উপজেলা যুবদল নেতা নুর বক্স মণ্ডল, এনামুল হক, জামিল হোসেন প্রামাণিকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
একই দিন বিকেলে তিনি পার-প্রসাদপুর উত্তরপাড়া জামে মসজিদের নির্মাণ ও উন্নয়নকল্পে অনুদান প্রদানের আশ্বাস দেন।



