ঢাকা-আরিচা মহাসড়কে ৪ যানবাহনের সংঘর্ষ, ২ ভাই নিহত

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত ব্যক্তিদের স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।’

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল |নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কে একটি নষ্ট বাস দেখে থামতে গিয়ে একে একে দুর্ঘটনার কবলে পড়েছে অন্তত চারটি যানবাহন। এ সময় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সকালের মহাসড়কের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা। তিনি সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে। অন্যজন মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা। তিনি উচ্চমাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। তারা দুজনই ফুপাতো-মামাতো ভাই ছিলেন।

পুলিশ জানায়, সকালে ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের মূল লেনে একটি বাস নষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। বাসটির পেছনে থাকা একটি প্রাইভেটকার সেটি দেখে হঠাৎ ব্রেক করলে তার পেছনের একটি কাভার্ডভ্যানও ব্রেক করে। কাভার্ডভ্যানটির পেছনে ছিল দু’টি মোটরসাইকেল। এরও পেছনে থাকা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেল দু’টিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত ব্যক্তিদের স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।’

ধামরাই থানার এসআই তারেক বলেন, ‘আমরা সকালে ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পাই ইসলামপুরে মহাসড়কের মূল লেনে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিকভাবে গিয়ে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে ঘটনার বর্ণনা জানতে পারি। তবে আমরা এখনো হাসপাতালে যেতে পারিনি। বর্তমানে ঘটনাস্থলে কাভার্ডভ্যান, বাস এবং মোটরসাইকেল রয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। যেহেতু এটি হাইওয়ে পুলিশের অধিক্ষেত্র, তাই তারা এসে পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।’

তিনি বলেন, ‘সবগুলো গাড়িই ঢাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। তবে মূল কারণ হচ্ছে, নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা বাসটি। সেটি দাঁড়িয়ে থাকায় পেছনের প্রাইভেটকারটি শেষ মুহূর্তে সেটি দেখতে পেয়ে ব্রেক করে। পেছনের গাড়িগুলোও একইভাবে হঠাৎ ব্রেক করতে বাধ্য হয়। এভাবেই দুর্ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি।’