গাজীপুরের টঙ্গীতে আবাসিক সংযোগে নিয়মিত গ্যাস সরবরাহের দাবিতে তিতাস গ্যাসের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রাহকরা। এ সময় নিয়মিত গ্যাস সরবরাহ না হলে ‘নো গ্যাস, নো বিল’ নীতি গ্রহণের হুঁশিয়ারি দেন তারা।
রোববার (২৬ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের গ্রাহকরা টঙ্গীর গোপালপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির কার্যালয় ঘেরাও করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: জাহাঙ্গীর আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপন, সাধারণ সম্পাদক সাদেক হোসেন, মো: লিটন মিয়া, আব্দুল মান্নান ও মোস্তফা জামানসহ স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, গ্রাহকরা নিয়মিত গ্যাস বিল পরিশোধ করলেও দীর্ঘদিন ধরে বাসাবাড়িতে স্বাভাবিক গ্যাস সরবরাহ পাচ্ছেন না। এতে রান্নাবান্নাসহ দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। গ্যাস সঙ্কটে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন।
তারা বলেন, দ্রুত গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি না হলে ‘নো গ্যাস, নো বিল’ নীতি গ্রহণ করা হবে। একইসাথে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে তিতাস গ্যাসের টঙ্গী জোনের ব্যবস্থাপক মো: মেজবাউর রহমান বলেন, চট্টগ্রামের একটি ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে টার্মিনালটি সচল হলে গ্যাসের প্রবাহ ও চাপ বাড়বে।



